
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের উদ্ভাবিত স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে। বৈশ্বিক উদ্ভাবনে অবদান রাখতে লালমনিরহাট এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে কার্যকর ও মেধাভিত্তিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
আজ বৃহস্পতিবার লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় উড়োজাহাজে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রশাসনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি যান লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি সরঞ্জাম ঘুরে দেখেন তিনি।
তারেক রহমান বলেন, বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ সময়ে উদ্ভাবন ও প্রযুক্তির বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা মানে ব্যক্তি ও দেশ উভয়ের পিছিয়ে পড়া। তরুণদের সহযোগিতা করা হলে তারা শুধু বিমান পরিচালনাই নয়, আকাশ জয় করার সক্ষমতাও অর্জন করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাসযোগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় যান। সেখানে মডেল খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন এবং স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।
পরে দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। বিকেল ২টা ৩০ মিনিটে কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সাথে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৪টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাটজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন কর্মসূচির মাঠে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা। দীর্ঘদিন পর সরকারপ্রধানের সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








