
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহবান জানানো হয়েছে।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে গৃহীত এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে।
প্রস্তাবে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির আহবান জানানো হয়েছে।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।
প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহবান জানায়।
ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের একটি সাধারণ বিরোধিতা রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
একইসাথে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসঙ্ঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সঙ্কট সমাধানে জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি।
তিনি বলেন, দীর্ঘদিনের বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহবান জানান তিনি।
রাষ্ট্রদূত সঞ্চিতা হক স্পষ্টভাবে বলেন, ‘রোহিঙ্গা সঙ্কটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই মিয়ানমারেই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








