পুলিশের থেকে ছিনতাই করা হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন
পুলিশের থেকে ছিনতাই করা হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন। নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ সময় তারা পুলিশের হাতকড়াও ছিনিয়ে নেয়।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ছিনিয়ে নেয়া আসামিকে পাওয়া যায়নি।

পালিয়ে যাওয়া আসামি হলেন উপজেলার সূখচর ইউনিয়নের চর আমান উল্যা গ্রামের মরহুম ছায়েদল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৫)। তিনি ২০২৫ সালে হাতিয়া থানার একটি হত্যা মামলার তিন নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরো কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ঘটনার দিন সন্ধ্যায় হাতিয়া থানার এসআই বারিসহ কয়েকজন পুলিশ সদস্য আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করতে রামচরণ বাজার যান। তারা আসামি নিজামকে এনসিপি অফিসের সামনে থেকে গ্রেফতার করেন। পরে তাকে নিয়ে আসার সময় আসামির স্বজনরা গতিরোধ করে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের কাছ থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এ ঘটনার পরেই হাতিয়া থানা পুলিশের একাধিক টিম গিয়ে রামচরণ বাজারে উপস্থিত হয়। পরে পুলিশের সদস্যরা পালিয়ে যাওয়া আসামির সন্ধানে সূখচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। কিন্তু আসামিকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয়রা জানান, পালিয়ে যাওয়া আসামি নিজাম উদ্দিন সূখচর ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার)। তিনি এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে এনসিপির সক্রিয় নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাজারের এক ব্যবসায়ী জানান, এই ঘটনার কিছু সময় পর আসামি নিজাম উদ্দিনের স্বজনরা পুলিশের হাতকড়া ফিরিয়ে দেয়। তবে রাতে পুলিশ সবাইকে বাজার থেকে চলে যেতে বাধ্য করে। এতে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ আসামি নিজামকে গ্রেফতারের পরপরই উৎসুক জনতা ভিড় করে। এই সুযোগে সে পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।