পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি, মামুনুল হক, ১১ দলীয় ঐক্য
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ইন্টারনেট

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাবিলা করবে।

আজ বৃহস্পতিবার দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের বর্তমান চলমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক তৈরি করে তারা তাদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে জানান দিচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে বৈঠকে মিলিত হয়েছি।

তিনি বলেন, আমরা ইস্পাত কঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করবো। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সে ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরা হওয়া বাংলাদেশেকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

মামুনুল হক বলেন, যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরই মধ্যে নৈরাজ্যবাদীদের হামলায় শাহাদাতবরণ করেছেন জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, রাস্তাঘাটে যানবাহনে আগুন লাগানো হয়েছে, যারা এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি।

সরকার কঠোর হাতে এই নৈরাজ্যকে দমন করবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখানে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আরো কার্যকর ভূমিকা জরুরি। তবে, প্রশাসন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। এরই মধ্যে যতজনের প্রাণ গেছে সব পরাজিত শক্তির হামলায় হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরো সজাগ ভূমিকা প্রত্যাশা করি। তবে, মনে করি না প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

অবশ্যই মাঠপর্যায়ে দায়িত্বশীলদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে তিনি আরো বলেন, বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর মনোভাবাপন্ন ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের পথে ততটা নৃশংস নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আরো সময়ের প্রয়োজন।