সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত। প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী, মেয়ে ও অপর মোটরসাইকেল চালক।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন— মাহমুদুল হক শাহীন (৪০) ও তার পাঁচ বছর বয়সী শিশুপুত্র রাজিন। গুরুতর আহত হয়েছেন নিহত শাহীনের স্ত্রী তুহীন আক্তার (৩০), তার আট বছর বয়সী মেয়ে ও অপর মোটরসাইকেলের চালক শফিক (৩৫)।

গুরুতর আহত মোটরসাইকেল চালক শফিককে প্রাথমিক চিকিৎসা শেষে মযমনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শাহীন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা।  তিনি দলিল লেখক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিলেন মাহমুদুল হক শাহীন। পথে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লাইড়িবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।