নগরকান্দায় ধর্ষণচেষ্টা মামলায় আসামির পাঁচ বছরের কারাদণ্ড 
রায় ঘোষণার পর আসামি ইসমাইল মোল্যাকে আদালত থেকে কারাগারে নেয়া হয়। নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলায় ইসমাইল মোল্যা (৫৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে পানি আনতে যায় ওই কিশোরী। এ সময় আগে থেকে আসামি ইসমাইল মোল্যা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিজের দোকানঘরের ভেতরে নিয়ে যান। সেখানে কিশোরীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে আসামি ইসমাইল মোল্যা। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইসমাইল মোল্যা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা নগরকান্দা থানায় মামলা করেন। পরে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত ইসমাইল মোল্যাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।