
গণভোটের রায় বাস্তবায়নকে জাতীয় ঐক্যের প্রধান ভিত্তি হিসেবে দেখছে ১১ দলীয় ঐক্য। নেতারা বলেছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবেন তারা।
তাদের মতে, গণভোটের রায় কার্যকর না করা এবং জুলাই বিপ্লবের শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরির কারণে দেশে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ নম্বরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
অন্যদের মধ্যে আরো ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী এবং জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইনসহ দলগুলোর অন্যান্য প্রতিনিধিরা।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, ‘দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
তাদের মতে, ‘পতিত স্বৈরাচারের অপতৎপরতায় দেশ অস্থির পরিস্থিতির মধ্যে পড়েছে।’
ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আতঙ্ক ছড়িয়ে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।’
তিনি বলেন, ‘যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এজন্য দেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।’
মামুনুল হক বলেন, ‘জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বলতার দিকে ঠেলে যেতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ।’
তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর তারা গুরুত্ব দিচ্ছেন। দলমতের ঊর্ধ্বে উঠে জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।’
তাঁর ভাষ্য, নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না।
নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং অগ্নিসংযোগে বাড়িঘর ও যানবাহনের ক্ষতিগ্রস্ত মালিকদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন মামুনুল হক।
তিনি সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহবান জানান। একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেন। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তুলে অপশক্তিকে প্রতিহত করার আহবানও জানান তিনি।
মামুনুল হক বলেন, ‘১১ দল জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে।’
ব্রিফিংয়ে নেতারা বলেন, ‘দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না।’
তাদের দাবি, ‘সরকারের পদক্ষেপের ঘাটতির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে।’
তারা আরো বলেন, ‘সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তির পেছনে থাকা ব্যক্তিরাও অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।’
নেতারা বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং জনগণ সতর্ক রয়েছে। জীবন দিয়ে হলেও তারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে এবং দেশপ্রেম নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।’
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়। জনগণকে রক্ষা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না বলে তারা মনে করেন। ১১ দল জনগণকে সাথে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








