রোহিঙ্গা গণহত্যা, মামলা, রায়, অধিবেশন, আন্তর্জাতিক বিচার আদালত,
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অধিবেশনের ফাইল ছবি। সংগৃহীত

 

গণহত্যা মামলায় তুলনীয় বিচারিক নজির নেই : আইসিজে


রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কীভাবে তৈরি করা হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেছেন, আগের গণহত্যার মামলাগুলোর রায়ের মতো এ ক্ষেত্রে আদালতের হাতে তুলনীয় কোনো বিচারিক নজির নেই। তাই মামলার দুই পক্ষের উপস্থাপন করা প্রমাণের ভিত্তিতেই আদালতকে নিজস্বভাবে ঘটনার সত্যতা নির্ধারণ করতে হচ্ছে।

বিবিসি জানায়, বিচারক ইউজি বলেন, সাক্ষীদের জবানবন্দি এবং তাঁরা কী পরিস্থিতিতে ও কীভাবে বক্তব্য দিয়েছেন, সেসব বিষয় বিবেচনায় নিয়েছে আদালত। সাক্ষ্য দেয়ার কারণে তাঁদের ওপর প্রতিশোধমূলক হামলার আশঙ্কাও বিবেচনায় রাখা হয়েছে।

মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছেন, যাঁরা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন। বিচারক ইউজি বলেন, নির্দিষ্ট ঘটনাগুলো সম্পর্কে গাম্বিয়ার সাক্ষীদের দেয়া বিবরণ আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তাঁদের অনেকের গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময়ও খণ্ডন করা যায়নি।

রোহিঙ্গা গণহত্যা মামলা : রায় ঘোষণার অধিবেশন শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সেই প্রশ্নে করা মামলার রায় ঘোষণার অধিবেশন শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের পিস প্যালেসে এ কার্যক্রম শুরু হয়েছে।

বিবিসি জানায়, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫ মিনিটে আদালতের রায় ঘোষণার অধিবেশন শুরু হয়। আদালত রায়ে নির্ধারণ করবেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে কি না। মামলাটি করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালে দেশটি মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।

দ্য হেগ থেকে রায় ঘোষণার সর্বশেষ খবর জানানো হবে।