
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পর এবার মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট সেখানে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে পুলিশী নিরাপত্তা না পাওয়ায় তাদের সেখানে পৌঁছাতে দেরি হয়েছে। তারা দুপুর ২টায় সেখানে পৌঁছায়।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’কে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভিতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও থানার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








