
সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি ব্যাংকটির।
বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলা পরিষদের পুকুর পাড়ে উপজেলা পরিষদের ডরমিটরি ও পশু হাসপাতালে পাশে থাকা গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় ঘটনাটি ঘটে।
ব্যাংকটি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের জায়গায় তৈরি একটি আধাপাকা বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার দরজায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব থাকা নাইট গার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পান। পরে তার চিৎকার শুনে ব্যাংকের স্টাফ, আশপাশের বসতবাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভান। এতে ব্যাংক কার্যালয়ের কাঠের দরজা সামান্য পুড়ে গেছে। তবে ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অর্থসহ অন্য মালামালের কোনো ক্ষতি হয়নি।
ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এবং পূর্বপরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, ‘গ্রামীণ ব্যাংকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে ব্যাংকের নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের বসতবাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নেভান। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। ঘটনার পূর্বে পুলিশ টহলে ছিল। টহল শেষ করে থানায় পৌঁছামাত্র আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ ডাইরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।’
তাহিরপুর থানা ওসি ফারুক আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা ও অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ নেয়ার প্রস্তুতি চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








