
ঢাকার আশুলিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
বিক্ষোভকারীদের সূত্রে জানা যায়, আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসের চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকরা সকাল ১০টা থেকে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে দুপুরের খাবারের বিরতির পর তারা সম্পূর্ণ কাজ বন্ধ করে দেন। এছাড়া নিট এশিয়া কারখানার শ্রমিকরাও দুপুরের পর কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। সারাদিন নিট এশিয়া ও নিউ এজ গার্মেন্টসের শ্রমিকরা কারখানার ভেতরেই কর্মবিরতি পালন করেন।
এরপর, ছুটির সময় তারা দলবদ্ধ হয়ে আশুলিয়ার অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন এবং অনন্ত গার্মেন্টসের শ্রমিকদেরও কাজ বন্ধ করে বাইরে বের করে আনার চেষ্টা চালান। একপর্যায়ে বিক্ষোভকারীরা অনন্ত গার্মেন্টসের মূল ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। খবর পেয়ে শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বিশৃঙ্খলা থামার পর অনন্ত গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া জানান, আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকরা বিক্ষোভ করার পর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সরিয়ে দেয়। সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন জানিয়ে তিনি বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








