
বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর সরকারি উদ্যোগে নতুন অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান প্রান্তিক শক্তি লিমিটেডকে রিক্রুটিং লাইসেন্স প্রদান এবং গাজীপুরের সফিপুরে আধুনিক প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি) উদ্বোধনের মধ্য দিয়ে বৈধ ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানে নতুন উদ্যোগ শুরু হয়েছে। বাহিনীর ৬০ লাখ সদস্যের বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি এবং তাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও প্রান্তিক শক্তি লিমিটেডের কাছে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
একই অনুষ্ঠানে ‘প্রান্তিক ট্রাভেলস’ ও ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাহিনীটি তাদের কার্যক্রম আরো প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর করতে পারবে।’
মন্ত্রী বলেন, ‘আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (টিটিসি) সাথে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব হবে।’
৬০ লাখ সদস্যকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষিত জনবল প্রস্তুত করা হচ্ছে।’
এর আগে গত সোমবার সফিপুরে সিঙ্গাপুর, মরক্কো, কসোভো ও মালদ্বীপের কূটনৈতিক প্রতিনিধিরা আনসার-ভিডিপির প্রশিক্ষণ অবকাঠামো ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। ওই সফরে বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা, বিদেশী নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ এবং কুটিরশিল্পের পণ্য বিদেশে বাজারজাত করার সম্ভাবনা তুলে ধরা হয়।
মহাপরিচালক জানান, জাপানের তিনটি কোম্পানির সাথে কর্মসংস্থান-সংশ্লিষ্ট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শুধু সংখ্যার ওপর গুরুত্ব না দিয়ে দক্ষতা, যোগ্যতা, স্বাস্থ্যগত শর্ত ও নিয়োগদাতার চাহিদা পূরণকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনের জন্য দক্ষতা ও নিয়মনীতি পরিপালন নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি টিটিসি এবং আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে। বাহিনীর ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সাথে যুক্ত করে স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’
টিকিটিং, ভিসা ও নিয়োগে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা
বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম চালু করা হয়েছে। বাহিনীর পরিকল্পনা অনুযায়ী, সদস্যদের নিবন্ধন থেকে শুরু করে নিয়োগ, ভিসা প্রক্রিয়া ও টিকিটিংয়ের বিভিন্ন ধাপ সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় পরিচালিত হবে। বিদেশে কর্মরত সদস্যদের সেবা ও নিরাপত্তা সহায়তা দেয়ার জন্য নিজস্ব গ্রাহক-সম্পর্ক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম (সিআরএম) চালুর কথাও জানিয়েছেন মহাপরিচালক।
এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানো, সদস্যদের তথ্য যাচাই এবং নিয়োগপ্রক্রিয়ায় জবাবদিহি বাড়ানো। পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিদেশগমন ঋণের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রাথমিক ব্যয় মেটাতে সদস্যদের আর্থিক সহায়তা দেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে গুরুত্ব
অনুষ্ঠানে প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্রের ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, কুটিরশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী। নির্মাণসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।
প্রশিক্ষণকেন্দ্রের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী এসব উদ্যোগকে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর বৃহত্তর পরিকল্পনার সাথে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। সরকারি টিটিসিগুলোর সাথে সমন্বয় করা গেলে প্রশিক্ষণের মান উন্নয়ন, দক্ষতার স্বীকৃতি এবং বিদেশী নিয়োগদাতাদের চাহিদা পূরণে কার্যকর অগ্রগতি সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, অ্যাকাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো: সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রান্তিক শক্তি লিমিটেডের রিক্রুটিং লাইসেন্স প্রাপ্তি এবং নতুন প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানের জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আরো বিস্তৃত হলো। তবে এ উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, বৈধ নিয়োগ, কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশী শ্রমবাজারে বাস্তব কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








