
নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন এসআরবি-৫।
এর আগে, সোমবার ভোরের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গণ্ডবিল গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন গণ্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে ও সহোদর দুই ভাই মো: শিমুল আলী (২৬) ও মো: সজীব আলী (১৯)।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সাথে যোগাযোগ করে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের একপর্যায়ে গণ্ডবিল গ্রামের শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে শিমুল ও সজীবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ঘর থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এসআরবির নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার কালের কণ্ঠকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে। অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এসআরবির অভিযানে গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








