
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। মুখে মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাযোগে এসে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’
তারা আরো বলেন, ‘আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরো বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।’
নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








