
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এনামুল হক। মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








