
বান্দরবান জেলা শহরের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
শুক্রবার পরিদর্শনকালে তিনি স্থানীয় মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় বান্দরবানের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।
পাশাপাশি আগামী ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠেয় বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে তিনি ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম, বর্ণ, জাত বা গোত্র নির্বিশেষে এই ভূখণ্ডের প্রতিটি নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে নিরলস চেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন তাবলিগ জামায়াতের জেলা আমির ওসমান গনি, বান্দরবান জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, মারকাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








