
নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পারলে ভালো ফল আসতে পারে। যারা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজে বিনিয়োগ গ্রহণ করার সামর্থ্য রাখেন না; কিন্তু তাদের সম্ভাবনা আছে উদ্যোক্তা হিসেবে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দিয়েছে। এবারো বাংলাদেশ ব্যাংক এক হাজার ৫০০ কোটি টাকার অর্থায়ন স্কিম ঘোষণা করেছে। এ ধরনের ঋণ প্রকল্প দেশব্যাপী ছোট উদ্যোক্তা গড়ে তুলত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় ব্যবসাবাণিজ্য চাঙ্গা করতে একই সাথে অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারে। দুর্ভাগ্যজনক হলো- কল্যাণকর উদ্দেশ্য নিয়ে চালু হলেও অনিয়ম, পক্ষপাত ও রাজনৈতিক প্রভাবে ভালো ফল বয়ে আনতে পারে না। রাজনৈতিক পক্ষগুলোও এ থেকে সুযোগ নিতে মুখিয়ে থাকে।
গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এই ঋণ তহবিলের কার্যক্রম শুরু করেছে। এ জন্য সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালকের কাছে নির্দেশনা পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই অর্থায়ন করা হবে। আগামী পাঁচ বছর এই স্কিম চালু থাকবে। এই উদ্যোগের লক্ষ্য, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয় বাড়ানোর কাজে যুক্ত করা, জীবনমান উন্নয়ন ও ব্যাংকিং সেবার আওতা বাড়ানো। ঋণ পাবে ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং শিক্ষার্থীরা। এ জন্য গ্রাহকদের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। নতুন গ্রাহকদের এই ধরনের হিসাব খুলতে হবে। বোঝাই যাচ্ছে একেবারে প্রান্তিক লোকদের কাছে অর্থনৈতিক উদ্যোগ গ্রহণের সুযোগ পৌঁছে দিতে এই ঋণ প্রকল্প।
জেলে, সুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রঙমিস্ত্রি, প্লাম্বার, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক, চা-বিক্রেতাসহ ছিন্নমূল মানুষ এর আওতায় এসেছে। এভাবে সমাজের তৃণমূলের লোকজনকে অর্থনৈতিক কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ এই প্রকল্পে দেখা যাচ্ছে। আবার কৃষক, প্রবাসীরাও ঋণ গ্রহণে সুযোগ পাবেন। এতে বন্যা, খরা, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তরা অগ্রাধিকার পাবেন। পাঁচ লাখ পর্যন্ত ঋণ নিতে কোনো বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। একজন সর্বোচ্চ ১০ লাখ ঋণ টাকা নিতে পারবেন। এ জন্য সুদ ধরা হয়েছে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ।
ঋণপ্রাপ্তিতে গ্রহীতাকে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করতে হবে। বিশেষ করে টাকা কোন খাতে বিনিয়োগ করা হবে; তা থেকে কিভাবে উপার্জন হবে, এটি স্পষ্ট তুলে ধরতে হবে। বলা হয়েছে, বাস্তবসম্মত প্রকল্প উপস্থাপন করতে পারলে ঋণ মিলবে। এই পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে উপযুক্ত ব্যক্তি নির্বাচন করতে পারলে ব্যাংকের ঋণ যেমন সুদসহ ফিরে আসবে। একইভাবে দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে এটি ভূমিকা রাখবে।
অন্য দিকে বরাবরের মতো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে একে ব্যবহার করা হলে সরকারি অর্থ হরিলুট হবে। এর আগেও একই ধরনের প্রকল্প হয়েছে, সেগুলো উপযুক্ত নজরদারি ও পেশাদারি দৃষ্টিভঙ্গি না নেয়ায় সুফল আনতে পারেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








