বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন প্রকল্পের উদ্বোধন
বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন প্রকল্পের উদ্বোধন। নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা স্টিল ফ্যাক্টরির সামনে ফ্লাইওভারের নিচে বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) প্রকল্প চালু করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত এ প্রকল্পের উদ্বোধন করেন গাসিক প্রশাসক মো: শওকত হোসেন সরকার।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাসিক প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার পরিবেশ সুরক্ষায় যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে।

এসটিএস চালুর ফলে নির্ধারিত স্থানে বর্জ্য সংগ্রহ ও অপসারণের কার্যক্রম আরো সুশৃঙ্খল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ উদ্যোগের সুফল পেতে নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: লেহাজ উদ্দিনসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুর রহমান কিরণ, মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।