
নেত্রকোণার দূর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার, জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তাগাছা প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নেয়।
মানববন্ধনে সাংবাদিক হত্যার ঘটনায় সাংবাদিক আলিফের পরিবারের দায়িত্ব সরকারকে নেয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু একটি পরিবারকে বিপর্যস্ত করে না, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের পথকেও বাধাগ্রস্ত করে।
তারা বলেন, আলিফের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করার মধ্য দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায়।
একই সাথে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেস ক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, সদস্য সচিব ফেরদৌস আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার ও এম ইদ্রিস আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেস ক্লাবের সদস্য বজরং আগরওয়ালা, মাজহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসেন, দরাজ আলী, হজরত আলী, তাজুল ইসলাম, হুসাইন সুলভ, সারওয়ার ইকরাম রিপন, ফেরদৌস তাজ, কামরুল হুদা আকন্দ বাবলু, ও সবুরসহ মুক্তাগাছায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলিকট্রিক ও মাল্টিমিডিয়ার সাংবাদিকরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








