
আলজাজিরা
আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। এর পরিবর্তে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর গোষ্ঠীটির কর্মকাণ্ডের ওপর তদন্তে বেশি জোর দেয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারকেরা। গত শুক্রবার প্রকাশিত আদালতের নথি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়। নথিতে উল্লেখ করা হয়েছে, তদন্ত কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কৌঁসুলির দফতর ‘উল্লেখযোগ্য সীমাবদ্ধতার’ সম্মুখীন হয়েছে।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসি এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ দিনের টানাপড়েনের প্রেক্ষাপটে আদালতের এই সিদ্ধান্ত সামনে এলো। এর আগে মার্কিন কর্মীদের বিরুদ্ধে অপরাধের তদন্ত এবং ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জেরে আইসিসির বর্তমান ও সাবেক ১৩ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। নতুন এই সিদ্ধান্তের ফলে ২০২১ সাল থেকে কার্যত স্থবির হয়ে থাকা মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি খোরাসান প্রদেশভিত্তিক আইএসের (আইএসকেপি) বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াও বন্ধ হয়ে যাচ্ছে। তবে কৌঁসুলির দফতর জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এরইমধ্যে আপিল করেছে। এর আগে গত অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মার্কিন নাগরিকদের আইসিসির বিচারের মুখোমুখি হতে দেবেন না। একই সাথে তিনি আদালতটিকে ‘ইট খুলে’ ভেঙে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানিয়েছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








