বক্তব্য রাখছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি মো: নুরুল ইসলাম
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি মো: নুরুল ইসলাম। নয়া দিগন্ত

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো: নুরুল ইসলাম মণি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি খাতে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম তুলনামূলক বৃদ্ধি না করলেও সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করছে।’

Advertisement

তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩২ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম স্বাভাবিক রেখেছেন। অথচ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অপচেষ্টা চালিয়ে কৃত্রিম সঙ্কট তৈরি করছে।’

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বরগুনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চিফ হুইপ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান ও দিক নির্দেশনা স্পষ্ট করেন।

বরগুনার পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘এ ঘটনায় যদি বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না।’

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুর ধারণার বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’

তিনি আরো বলেন, ‘গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।’

বরগুনা জেলাকে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে নুরুল ইসলাম বলেন, কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। এছাড়া জাতীয় ইলিশ রক্ষায় উপকূলীয় অঞ্চলে ট্রলিং জাহাজের ব্যবহার পুরোপুরি বন্ধের জোর দাবি জানান তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে জনগণের রায় নিয়ে আগামী পাঁচ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করতে চাই।’

তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র তিন বছরে বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন। বর্তমান সরকারও দেশের সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।’