আলিফের খুনিদের গ্রেফতার দাবিতে দুর্গাপুরে সাংবাদিকদের মানববন্ধন
আলিফের খুনিদের গ্রেফতার দাবিতে দুর্গাপুরে সাংবাদিকদের মানববন্ধন । নয়া দিগন্ত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

দুর্গাপুর প্রেস ক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক ও নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবীশসহ অন্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকির স্থানীয় চোরাচালান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতেন। এসব বিষয় তুলে ধরার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার এবং ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হলে সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে সাংবাদিকেরা সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুরের উত্তরাইল বাজার এলাকায় একটি দোকানের সামনে সাংবাদিক আলিফ ফকিরকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

নিহত আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি অপরাধ অনুসন্ধানবিষয়ক ফেসবুক পেজ ‘ডিটেকটিভ আর্টিকেল’-এর পরিচালক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেছেন।