পাথরঘাটা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট
পাথরঘাটা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান ফটক। নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলায় সেনা সদস্যসহ চারজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাথরঘাটা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন। 

Advertisement

কারাগারে পাঠানো আসামিরা হলেন উপজেলার ছোট পাথরঘাটা এলাকার মৃত আব্দুস সোবাহান দফাদারের ছেলে  সেনা সদস্য মো. এরশাদ ও তার ভাই মো. জাকির হোসেন, ইউনুস মাঝির ছেলে আলামিন ও একই এলাকার কামাল হোসেন। 

তবে মামলার অপর দুই আসামি ইউনুস মাঝির ছেলে আব্দুল জলিল ও আবু সালেহ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলা সুত্রে জানা গেছে, দীর্ঘ বছর আগে মামলার বাদী গোলাম রব্বানীর বাবা আব্দুর রাজ্জাক ৩৪.৩৩ শতাংশ জমি ক্রয় করেন গোলাম রব্বানী ও তার মায়ের নামে। সেই থেকে গোলাম রব্বানী ও তার পরিবার ওই জমি ভোগ দখল করে আসছে। গোলাম রব্বানী আমতলী কলেজের প্রভাষক হওয়ার কারণে পাথরঘাটায় কম থাকেন।
এ সুযোগে মামলার প্রধান আসামি সেনা সদস্য মো. এরশাদ ও তার ভাই জাকির হোসেনসহ অন্য আসামিরা মিলে পাকা ভবন নির্মাণ করার জন্য দখল করেন। ঘটনাস্থলে এসে জমির মালিক গোলাম রব্বানী এ বিষয়ে জানতে চাইলে বিভিন্ন রকমের হুমকি-ধমকি দেন তারা। এ ঘটনায় ২০২৪ সালের ৩ মার্চ গোলাম রব্বানী পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হলে চার আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন জানান, ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে দায়ের করা মামলায় সেনা সদস্য এরশাদ ও তার ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে ৩ ও ৬ নম্বর আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।