
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ‘নিয়মানুবর্তিতা মানুষের জীবনে লক্ষ্য অর্জনকে সহজ করে তোলে। যাবতীয় বিশৃঙ্খলা এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এটি অপরিহার্য। শিক্ষার্থীদের আগামীর পথচলা সুন্দর ও সফল করতে অধ্যবসায়ী হওয়া জরুরি। নৈতিক উৎকর্ষ সাধনে যত্নশীল থাকা দরকার। নামাজে অভ্যস্ত হতে হবে। ভালো বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে ভুল করা যাবে না। সময় অপচয় রোধ করতে হবে। মাদক, অপসংস্কৃতি ও নীতিবিবর্জিত রাজনীতি থেকে দূরে থাকা চাই।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সমাপনী ক্লাস ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রেণি শিক্ষক খোরশেদ আলম মহসিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা হানীফ হোসাইন, মো: শাহীন আলম ও মাওলানা আমীর হোসাইন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ ও ছাত্রী সংসদের ভিপি রাফা আঞ্জুম।
উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা আবদাল হোসাইন, তানভীর হোসাইন, মনির হোসাইন, সাকিব আহমদ, হাফিজ ইমরান আহমদ, মাওলানা কায়েস আহমদ ও হোসাইন আহমদ; ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও ছাত্রী সংসদের জিএস ফেরদৌসী জান্নাত নওশীন।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ‘শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষকদের সঙ্গে সদব্যবহারে অভ্যস্ত থাকতে হবে। তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। দেশের প্রতি অকৃত্রিম মহব্বত হৃদয়ে লালন করতে হবে। জীবনের পরতে পরতে দেশের জন্য কাজ করে যেতে হবে। মানুষের উপকারে আত্মনিয়োগ করতে হবে। মানুষের অপকার করার চিন্তা থেকে দূরে থাকতে হবে। পড়াশোনা ও চরিত্র গঠনের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যকীয় দায়িত্ব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








