গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণে দগ্ধ হওয়া চারজনের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

নিহতরা হলেন— স্বামী শরীফ হোসেন (৩৪) ও স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে নিহত রোজিনার শরীরের ৬০ শতাংশ ও শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় স্ত্রী রোজিনা ও ভোর ৪টায় স্বামী শরীফের মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহত শরীফের শ্যালক রিয়াজের শরীরের ৪০ শতাংশ ও বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ‘ইসলাম টাওয়ার’ নামের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শরীফ হোসেন, তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ ও ওই বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হন।