
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম মনি বলেছেন, ‘গত ১৭ বছরে দেশে অর্থনীতি, সমাজনীতি ও গণতন্ত্রের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে তারেক রহমান দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নেয়া, গণতন্ত্রের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছেন। ঐতিহাসিকভাবে দেশের কঠিন সময়ে বিএনপির ওপরই দায়িত্ব এসে পড়েছে। তারেক রহমান সে দায়িত্ব পালনের চেষ্টা করছেন।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বরগুনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, ‘বাংলাদেশের ভাগ্য তারেক রহমানের মতো একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন। এ সুযোগ যদি আমরা নষ্ট করি, তিনি যদি প্রধানমন্ত্রী না থাকেন বা অন্য কেউ দায়িত্ব নেন, তাহলে কি এর চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন।‘
তারেক রহমানের দেয়া নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, ‘সংসদের একটি বিশেষ সভায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের কর্মীবান্ধব হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তারেক রহমান বলেছেন, কর্মীদের নিয়ে চলতে হবে। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে কর্মীরা তাদের এ অবস্থানে নিয়ে এসেছেন। এখন তাদের দেখভালের দায়িত্বও নিতে হবে।’
চিফ হুইপ বলেন, ‘যে অফিস থেকে হাসিনা প্রতিদিন দুপুরে সাড়ে ১০ লাখ টাকা খরচ করতেন, বছরে যার ব্যয় ৩৫ কোটি টাকা, সেখানে তারেক রহমান সাহেব ১৫০ টাকার খাবার খান। তিনি কিছুদিন আগে বলেছেন, দেশের একটি পয়সাও আমার হাত দিয়ে নষ্ট হবে না।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিদের অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। সেখানে দলীয় প্রতীক থাকবে না। ধানের শীষ, নৌকা কিংবা অন্য কোনো প্রতীকের পরিবর্তে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








