গ্রেফতার
গ্রেফতাররা। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী অ্যাডভোকেট মাহাবুব রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার গভীর রাতে নগরীর পৃথক দু’টি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে ও অ্যাডভোকেট মাহাবুব রহমানকে দেওভোগের পাকা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে গ্রেফতার করা হয়।

সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনার পর এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত করার উদ্যোগ নেয় বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানায় করা তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনরায় জামিনের আবেদনের বিষয়ে দিন ধার্য ছিল। শুনানিতে তার আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। এ সময় তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সাথে একই স্লোগানে কণ্ঠ মেলান।

এদিকে, দুই আইনজীবী ও একজন সাংস্কৃতিক সংগঠকের গ্রেফতারের ঘটনায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক অঙ্গন ও আইনজীবী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।