নাহিদ ইসলাম
মাদারীপুর শহরের লেকের পাড়ে নাগরিক সভায় প্রধান অতিথি নাহিদ ইসলাম। নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গঙ্গা চুক্তি এ বছর শেষ হবে, ভারতের কাছ থেকে আমরা গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেব, বাংলাদেশকে আর কোনো আধিপত্য শক্তির আওতায় আসতে দেব না।’

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও চাকরির নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের নানা অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরো বলেন, ‘দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছেন না। জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি মাঠে আছে। ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।’

‘এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই কারচুপি করতে দেয়া হবে না’ উল্লেখ করে এনসিপির এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, ‘তারেক রহমানের বর্তমান সরকার নাকি জাতীয়তাবাদী সরকার। শুধু মুখে না বলে তাদের প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু তারা রক্ষা করতে পেরেছেন; নয়তো ধরে নেব আন্ডার টেবিল ও সমঝোতার মধ্যে আছে।’

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো: হাসিবুল্লাহসহ অনেকেই।