
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তোলায় শেখ খোরশেদ আহমেদ দোলন (৫০) নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত দোলন ওই ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা ও জেলা যুবদলের সদস্য। আহত অন্য তিনজন হলেন উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলারশিপ নিয়োগের জন্য আবেদন করেন যুবদলের সদস্য খোরশেদ আহমেদ দোলন এবং একই ইউনিয়নের বিএনপি নেতা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। তাদের মধ্যে মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে চূড়ান্তভাবে ডিলারশিপ পান তুষার মণ্ডল। এরপর নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন।
এর ধারাবাহিকতায় রোববার বেলা ১১টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে নিয়োগবঞ্চিতরা সংবাদ সম্মেলন করেন। সেখানে দোলন তার ইউনিয়নে ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলনের অভিযোগ, দোলনের বক্তব্যের কারণে তুষার ক্ষুব্ধ হন। এর জেরে সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা দোলনের ওপর হামলা চালানো হয়।
ফরিদ আহমেদ মিলন বলেন, ‘সন্ধ্যায় বাজারের একটি চায়ের দোকানে বসেছিল দোলন। এ সময় তুষারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ভাইকে বাঁচাতে গেলে অন্যদেরও পিটিয়ে আহত করা হয়।’
তিনি আরো বলেন, ‘সারাজীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলারশিপ নিয়োগ দেয়া হয়েছে। আমার ভাই এর প্রতিবাদ করায় তাকে মেরে ফেলার উদ্দেশে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে এবং মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে যারা এগিয়ে গিয়েছেন, তাদের প্রত্যেককেই পিটিয়েছে। পরে খবর পেয়ে আমরা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। তাদের মধ্যে আমার ভাইয়ের অবস্থা ভালো না।’
জানা গেছে, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, ‘দুপক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাতুড়ি দিয়ে পেটানোর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








