রাশিয়া
‘বৈরী’ এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার। সংগৃহীত
ads

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে  ‌'প্রকাশ্য যুদ্ধের' হুমকি দিয়েছে রাশিয়া। অসংখ্য 'বৈরী কর্মকাণ্ড' পরিচালনার অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে এই হুমকি দিলো রাশিয়া। ‘বৈরী কর্মকাণ্ডের’ মধ্যে রয়েছে সীমান্ত বন্ধ করে দেয়া, নিজস্ব ভূখণ্ড থেকে ইউক্রেনকে হামলা চালানোর সুযোগ দেয়া এবং এস্তোনিয়ার জাতিগত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তালিনের বিরুদ্ধে একগুচ্ছ বৈরী পদক্ষেপের অভিযোগ তুলে দাবি করেছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রটি 'প্রকাশ্য যুদ্ধ বাধানোর দ্বারপ্রান্তে' পৌঁছে গেছে।

রাশিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেয়ার এস্তোনিয়ার পরিকল্পিত ঘোষণা এবং বাল্টিক সাগরে একটি রুশ জাহাজে ইউক্রেনের হামলার পর মস্কোর পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এলো।

সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করার পর এক বিবৃতিতে মন্ত্রণালয়টি এসব অভিযোগ তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, 'এস্তোনীয় কূটনীতিককে আবারো জানিয়ে দেওয়া হয়েছে যে, এ ধরনের উসকানিমূলক এবং চরম বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সাথে প্রকাশ্য যুদ্ধ বাধানোর উপক্রম করছে।' পাশাপাশি এস্তোনিয়া 'রুশ-বিদ্বেষী' (রুসোফোবিক) প্রবণতা দেখাচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

অতিরিক্ত অভিযোগের তালিকায় মন্ত্রণালয়টি বলেছে, এস্তোনিয়া 'উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনীয় ড্রোনগুলোকে নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে।' তবে তালিন দ্রুতই এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা দেয়ার চেষ্টা, রুশ ও বেলারুশীয় শস্যের ট্রানজিট নিষিদ্ধ করা, রুশ ভাষা নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধ করে দেয়ার হুমকির অভিযোগও এস্তোনিয়ার বিরুদ্ধে আনা হয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, 'রাশিয়ার জাতীয় স্বার্থ এবং এর নাগরিকদের বৈধ অধিকার রক্ষার লক্ষ্যে সামগ্রিক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের অধিকার রুশ পক্ষ সংরক্ষণ করে।'

এস্তোনিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে, যারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মস্কো প্রায়ই দাবি করে থাকে। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক অনুপ্রবেশের পেছনেও ওই অঞ্চলে রুশ ভাষাভাষীদের অধিকার দমনের অভিযোগকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছিল।

চলতি মাসের শুরুর দিকে এস্তোনিয়া জানিয়েছিল, তারা আগামী ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সাথে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেবে। এর আগে দেশটি এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে ক্রেমলিনের নিরাপত্তা সংস্থাগুলোর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছিল।

এটি এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে—যাকে কিয়েভের মিত্র তালিন ইউক্রেনে মস্কোর যুদ্ধের সাথে যুক্ত বৃহত্তর বৈরী তৎপরতার অংশ হিসেবে দেখছে।

রাশিয়া ওই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত বন্ধ করার পদক্ষেপ 'অনিবার্যভাবে বুমেরাং হয়ে ফিরবে—কেবল তালিনের নিজের জন্যই নয়, বরং ইইউ ও ন্যাটোতে থাকা এর মিত্রদের জন্যও।'

এক বিবৃতিতে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগের জবাব না দিলেও ইউক্রেনীয় সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, 'যদিও আমরা সাধারণত রুশ অপপ্রচারের আখ্যান নিয়ে কোনো মন্তব্য করি না বা এতে জড়াই না, তবে এ ক্ষেত্রে আমরা পুনর্ব্যক্ত করতে পারি যে এস্তোনিয়া কখনোই অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।' এতে আরও যোগ করা হয়, 'আমাদের অঞ্চলের অন্যান্য দেশও এই অবস্থান স্পষ্ট করেছে।'

রাশিয়া দীর্ঘদিন ধরে এস্তোনিয়া এবং বাল্টিক অঞ্চলের অন্যান্য ন্যাটো রাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনীয় ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ করে আসছে। ইউক্রেনীয় ড্রোন প্রায়ই ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করেছে, তবে কিয়েভের দাবি এটি রুশ সিগন্যাল জ্যামিংয়ের ফল। ন্যাটো দেশগুলোও ইচ্ছাকৃতভাবে ড্রোনকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অভিযোগ বারবার অস্বীকার করেছে এবং এই অনুপ্রবেশের জন্য রাশিয়াকেই দায়ী করেছে।

বার্লিনে বক্তব্য রাখার সময় ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের ঘটনার পাশাপাশি জোটটি এস্তোনিয়ার পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে এবং জবাব দেওয়ার মতো বিকল্প ন্যাটোর হাতে রয়েছে। রুট বলেন, 'আমরা পোল্যান্ড ও এস্তোনিয়া ইত্যাদির পরিস্থিতি দেখছি। সামরিক ক্ষেত্রের বিষয় এলে আমরা সবসময় আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থা মূল্যায়ন করব এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করব।'

সূত্র : আল জাজিরা