
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার প্রায় নয় মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে আসছে : পরিকল্পনাকারীরা যতটা ধারণা করছেন, নতুন কোনো আক্রমণকে তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক করে তোলার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা কি তেহরান এখনো ধরে রেখেছে?
ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে কয়েক মাস ধরে চলা মার্কিন-ইসরাইলি হামলা সত্ত্বেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে, তেহরানের হাতে এখনো ১,৫০০ থেকে ২,৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি এমন এক বিশাল অস্ত্রভাণ্ডার, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় সামরিক পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করার ক্ষেত্রে তার হিসাব-নিকাশকে জটিল করে তুলতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই মূল্যায়নের পাশাপাশি খোদ ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রতিষ্ঠানের ভেতর থেকেও সতর্কবার্তা এসেছে, ইরানে আরেকটি হামলা চালানো হলে তা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে এক বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত করতে পারে।
সব মিলিয়ে এই পরিস্থিতি প্রশ্ন তুলছে যে, আরেক দফা হামলা আদৌ কোনো চূড়ান্ত ফলাফল এনে দিতে পারবে, নাকি তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এক দীর্ঘস্থায়ী সংঘাত উসকে দেবে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃত মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত ১,৫০০ থেকে ২,৫০০-এর মধ্যে বলে অনুমান করা হচ্ছে। ইরানের অস্ত্রের গতিবিধি অনুসরণ করা কঠিন হওয়ায় কর্মকর্তারা এই পরিসংখ্যানকে 'কম-নির্ভরযোগ্য মূল্যায়ন' হিসেবে বর্ণনা করেছেন। তবে তারা ইঙ্গিত দিয়েছেন যে, সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও তেহরান উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে।
ইসরাইলি কর্মকর্তারাও বিশ্বাস করেন যে ইরানের কাছে ১,৫০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। চলতি মাসের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কর্মকর্তা ব্লুমবার্গ-কে জানিয়েছিলেন, ইরানের কাছে অন্তত ১,৭০০টি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকতে পারে এবং দেশটি প্রতি মাসে আরো প্রায় ৫০টি করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
ইতোমধ্যে ইরান আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে, যা মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা দেশটি যে দ্রুত পুনর্গঠন করছে—সেই উদ্বেগকে আরো জোরালো করেছে।
বিষয়টির তাৎপর্য কেবল ক্ষেপণাস্ত্রের সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। টিকে থাকা এই অস্ত্রভাণ্ডার ওয়াশিংটন ও ইসরাইলের নতুন কোনো আক্রমণের জবাবে পুরো অঞ্চলজুড়ে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার সক্ষমতা তেহরানকে দিয়েছে।
নেতানিয়াহুকে ইসরাইলি গোয়েন্দাদের সতর্কবার্তা
এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে ইসরাইলি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানে হামলা চালানো হলে তা বহুমুখী আঞ্চলিক যুদ্ধ বাধিয়ে দিতে পারে।
ইসরাইলের চ্যানেল ১২ টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু এবং জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়। সামরিক গোয়েন্দাদের মূল্যায়নে বলা হয়েছে, নতুন করে হামলা চালানো হলে লেবানন, সিরিয়া এবং গাজাকে কেন্দ্র করে লড়াই ছড়িয়ে পড়তে পারে—যা একটি অভিযান মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকার প্রত্যাশাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
এমন এক সময়ে এই সতর্কবার্তা এলো যখন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরেকটি অভিযানের জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছেন বলে জানা গেছে, অথচ ট্রাম্প এখনো নতুন কোনো অভিযানের অনুমোদন দেননি। এই মতপার্থক্য একটি কেন্দ্রীয় সামরিক উভয় সংকটকে স্পষ্ট করে : প্রাথমিক হামলা ইরানের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সফল হলেও, এর পরবর্তী পরিণতি কি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে?
ট্রাম্প কেন অপেক্ষা করছেন
ট্রাম্প কখনো নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, আবার কখনো ইঙ্গিত দিচ্ছেন যে ওয়াশিংটন আরেকটি বড় সামরিক সংঘাত এড়িয়ে চলতে পারে।
গত ১৪ নভেম্বর রয়টার্স জানায়, প্রেসিডেন্ট তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন যে তেহরান বা ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছিদের (হুতি) পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে তিনি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন। প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করেছে যে অতিরিক্ত হামলা চালানো হলেও আলোচনার টেবিলে ইরানের দাবিগুলোতে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম।
এরপর থেকে ট্রাম্প ইঙ্গিত দিয়ে আসছেন যে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করবেন কি না, সেই সিদ্ধান্ত নেয়ার আগে তিনি নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত।
তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে তেহরানের প্রতি ক্রমবর্ধমান হতাশার ছাপ স্পষ্ট। রোববার ট্রাম্প অভিযোগ করেন, গত ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে; তার দাবি, ডেমোক্র্যাটদের দুর্বল মনে করায় তেহরান আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে। পাশাপাশি আলোচনা ব্যর্থ হলে আরো সামরিক পদক্ষেপ নেয়ার সম্ভাবনা এখনো রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন।
সূত্র : গালফ নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









