
কিউবার স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে এক বৈঠকে দেশটির স্বাস্থ্যব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধের ভয়াবহ প্রভাব তুলে ধরেছেন। তিনি জানান, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণের সঙ্কটের কারণে কিউবায় এক লাখেরও বেশি রোগী অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১২ হাজার শিশু।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
কিউবার স্বাস্থ্যমন্ত্রী হোসে অ্যাঞ্জেল পোর্টাল হাভানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুসের সাথে বৈঠকে দেশটির স্বাস্থ্য ও চিকিৎসা খাতের ওপর মার্কিন অবরোধের গুরুতর পরিণতির নিন্দা জানান।
কিউবার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সদর দফতরে অনুষ্ঠিত ওই বৈঠকে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরে হোসে অ্যাঞ্জেল সতর্ক করে বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যেসব মানুষের জীবন বাঁচানো সম্ভব, আমরা তাদের হারাচ্ছি।’
কিউবার স্বাস্থ্যব্যবস্থার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেশটির ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধের প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরেন। তার অভিযোগ, হোয়াইট হাউসে বর্তমান প্রশাসন এই অবরোধ আরো কঠোর করেছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসা উপকরণ ও সুযোগ-সুবিধার অভাবে এক লাখেরও বেশি রোগী অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১২ হাজারই শিশু।
তিনি আরো জানান, কিউবায় ক্যান্সারে আক্রান্ত শিশুদের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের অবরোধ এবং এর সর্বশেষ পর্যায়ে জ্বালানি অবরোধের কারণে এই হার ৮৫ শতাংশ থেকে কমে ৬৫ শতাংশে নেমে এসেছে।
কিউবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওয়াশিংটনের বৈরী পদক্ষেপের কারণে মা ও শিশুর স্বাস্থ্যসেবা কর্মসূচি, শিশুদের টিকাদান এবং দেশের জনগণের জন্য অত্যাবশ্যকীয় ওষুধ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বর্তমানে কিউবার জনগণের মোট ওষুধের চাহিদার মাত্র ৩০ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।
এসব পরিসংখ্যান এবং অবরোধের অন্যান্য মানবিক পরিণতির কথা উল্লেখ করে হোসে অ্যাঞ্জেল জোর দিয়ে বলেন, এই প্রমাণগুলোই যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘গণহত্যামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করার যৌক্তিকতা তুলে ধরে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









