
কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট) সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের সব সিটি করপোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ পাওয়া এ পুরস্কার নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মীদের উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
রাসিক যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেগুলো হলো—দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা, পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা, সেবায় অনুপ্রেরণা, সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা।
এ অর্জনের প্রতিক্রিয়ায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার সম্মিলিত ফল এ স্বীকৃতি। এ পুরস্কার রাজশাহী মহানগরবাসী, সিটি করপোরেশনের সব পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগসহ কর্মকর্তা-কর্মচারীদের উৎসর্গ করছি। এ অর্জন আগামী দিনের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে অনুপ্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো ও প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মোশারফ হোসেন এবং রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি, এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









