চিরুনি
ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ের হীরা খচিত সোনার চিরুনি নিতে চেয়েছিল রাজকন্যা। সংগৃহীত
ads

গুজরাটের লিখিত ইতিহাস মৌর্য যুগের সূচনাকাল থেকে শুরু হয়। তবে এর বিস্তৃত ও প্রমাণভিত্তিক ইতিহাসের শুরু ভাল্লভীপুর থেকে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টাব্দ ৪৭০ সালে ভাল্লভীতে মৈত্রক রাজবংশ প্রতিষ্ঠিত হয়।

ড. হরিপ্রসাদ গঙ্গাধর শাস্ত্রী তার ‘গুজরাটের ইতিহাস-প্রাচীন যুগ’ গ্রন্থে উল্লেখ করেছেন, গুজরাটের প্রাচীন ইতিহাসে মৈত্রকদের শাসনকাল ছিল দ্বিতীয় দীর্ঘতম সময়কাল।

খ্রিস্টাব্দ ৪৭০ থেকে ৭৮৮ সাল পর্যন্ত, তিন শতাব্দীরও বেশি সময় ধরে তারা এ অঞ্চলে শাসন করেছে।

ইতিহাস গ্রন্থের বর্ণনা অনুযায়ী, মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা সেনাপতি ভট্টার্ক থেকে শুরু করে গুজরাটে বহু খ্যাতিমান শাসকের আবির্ভাব ঘটে। ভট্টার্ক সমগ্র সৌরাষ্ট্র অঞ্চল এবং কচ্ছ, উত্তর গুজরাট ও মধ্য গুজরাটের বিস্তীর্ণ এলাকা শাসন করেন।

মৈত্রকদের শাসনকালে ভাল্লভী ছিল গুজরাটের রাজধানী। গিরিনগরের পর মৈত্রক আমলে ভাল্লভী গুজরাটের রাজনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর সমৃদ্ধি ও বিপুল ঐশ্বর্যের উল্লেখ ইতিহাসে সংরক্ষিত আছে।

প্রফেসর মাওলানা সৈয়দ আবু জাফর নাদভি তার ‘গুজরাটের ইতিহাস-আর্যদের আগমন থেকে মুসলিম আক্রমণ পর্যন্ত গ্রন্থে লিখেছেন, ‘এই নগরীর অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সমৃদ্ধ ছিল। হূণদের যুগ থেকে শুরু করে পরবর্তীকালে আগত আরব ভ্রমণকারীরা পর্যন্ত এর সম্পদের কথা উল্লেখ করেছেন। বাণিজ্যও ছিল সমৃদ্ধ। এখানে বহু ধনী পরিবার বাস করত। শতাধিক কোটিপতি এখানে বসবাস করতেন।’

সম্পদ ও জ্ঞানচর্চার জন্য বিখ্যাত এ নগরীর অস্তিত্ব যেমন ছিল অত্যন্ত গৌরবময়, তেমনি এর পতনের কাহিনিও সমানভাবে বিস্ময়কর ও চমকপ্রদ।

ইতিহাসের বিবরণ অনুযায়ী, সেনাপতি ভট্টার্কের রাজধানী এবং প্রায় এক হাজার মাইল বিস্তৃত এই বিশাল নগরীর পতনের পেছনে একটি ‘চিরুনি’ ছিল কারণ।

ইতিহাসের বিবরণ অনুযায়ী, মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা সেনাপতি ভট্টার্ক থেকে শুরু করে গুজরাটে বহু খ্যাতিমান রাজা শাসন করেছেন।

তিনি সমগ্র সৌরাষ্ট্র অঞ্চল, পাশাপাশি কচ্ছ, উত্তর গুজরাট এবং মধ্য গুজরাটের বিস্তীর্ণ এলাকা শাসন করেছিলেন।

মৈত্রক রাজবংশের উত্থান
ড. হরিপ্রসাদ গঙ্গাধর শাস্ত্রী উল্লেখ করেন, ‘স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। দূরবর্তী প্রদেশগুলো স্বাধীনতা অর্জন করতে শুরু করলে সেনাপতি ভট্টার্ক ভাল্লভীতে নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।’

‘গুজরাটের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস : খণ্ড -৩, মৈত্রক ও উত্তর-মৈত্রক যুগ’ গ্রন্থের লেখক রসিকলাল ছো: পারিখ লিখেছেন, ‘ভট্টার্ক কীভাবে ক্ষমতা দখল করেন সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তবে তার প্রশস্তিতে বলা হয়েছে যে, শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে বহু আক্রমণ সহ্য করে তিনি খ্যাতি অর্জন করেন। এতে স্পষ্ট হয় যে, ক্ষমতা অর্জনের জন্য তাকে বিদ্যমান শাসকদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করতে হয়েছিল।’

তিনি আরও লিখেছেন, ‘ভট্টার্ককে একজন সেনাপতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ধারণা করা যায়, সিংহাসনে আরোহণের আগে তিনি কোনো একটি রাষ্ট্রে সেনাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। সৌরাষ্ট্রের ভাল্লভীপুরে তিনি তার শাসন প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। তার আগে তিনি হয়তো গুপ্ত সাম্রাজ্যের সৌরাষ্ট্র প্রদেশের সেনাপতি ছিলেন।’

ইতিহাস অনুযায়ী, সেনাপতি ভট্টার্ক থেকে শুরু করে শীলাদিত্য পর্যন্ত বহু খ্যাতিমান শাসক মৈত্রক বংশে জন্মগ্রহণ করেন। তাদের শাসনামলে ‘ভাল্লভীর খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে’।

ড. শাস্ত্রী উল্লেখ করেন, ‘মৈত্রক ও উত্তর-মৈত্রক যুগে গুজরাট হয়তো পরে সোলঙ্কি আমলে যে উচ্চতায় পৌঁছেছিল সে পর্যায়ে পৌঁছায়নি। তবে, পূর্ববর্তী সময়ের পর স্বশাসনের পথে এগিয়ে যাওয়া ছিল এক অভূতপূর্ব অর্জন।’

তিনি বলেন, ‘এর আগে গুজরাটে অন্য অঞ্চল বা দেশের শাসকেরা রাজত্ব করতেন। কিন্তু তখন বিদেশী শাসনের পরিসমাপ্তি ঘটেছিল এবং স্বশাসনের সূত্রপাত হয়েছিল। স্থানীয় রাজবংশগুলোর ক্ষমতা প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল।’

রসিকলাল ছো: পারিখ লিখেছেন, ‘বহিরাগত শক্তির শাসন থেকে মুক্ত হয়ে গুজরাটে মৈত্রক বংশ স্বাধীন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে, যা ছিল তাদের প্রথম বড় সাফল্য।’

‘এরপর সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তর গুজরাট, মধ্য গুজরাট এবং পশ্চিম মালব অঞ্চলে মৈত্রকদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী ধরে এ শাসন টিকে ছিল, যা মৈত্রক রাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হয়।’

‘মৈত্রক রাজারা তাদের সাম্রাজ্যে সুসংগঠিত প্রশাসন গড়ে তোলেন। তারা ধর্ম, শিক্ষা, সাহিত্য, শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনও সমৃদ্ধ করেছিলেন।’

এইভাবে, ‘গুজরাটের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে মৈত্রক রাষ্ট্র নানা দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।’

খ্রিস্টাব্দ ৬৪০ সালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভাল্লভীপুরে আসেন। নিজের ভ্রমণবিবরণীতে তিনি ভাল্লভীর একটি বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন, যার মাধ্যমে ভাল্লভীর জাঁকজমক ও ব্যাপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ভাল্লভীর অবিনাশী গৌরব
ড. শাস্ত্রী উল্লেখ করেন, ‘সৌরাষ্ট্রের পূর্বাঞ্চলে ভাল্লভী ছিল এক বিখ্যাত নগরী। সংস্কৃত অভিধানে ‘ভাল্লভী’ শব্দটির দুটি প্রধান ব্যাখ্যা রয়েছে।’

সেগুলো হলো, ‘বাঁশ ও অনুরূপ উপকরণ দিয়ে নির্মিত ছাউনি’ এবং ‘একটি ঘরের সর্বোচ্চ অংশ’।

তিনি আরও উল্লেখ করেন, ‘মৈত্রক রাষ্ট্রের রাজধানী হওয়ার আগেই ভাল্লভী সৌরাষ্ট্রের একটি প্রাচীন ও খ্যাতিমান নগরী হিসেবে পরিচিত ছিল।’

গবেষক ও ইতিহাসবিদরা তাদের রচনায় ভাল্লভীর সমৃদ্ধির বিস্তারিত বিবরণ দিয়েছেন।

‘সৌরাষ্ট্রের ইতিহাস’ গ্রন্থে এর লেখক শম্ভুপ্রসাদ দেশাই লিখেছেন, ‘খ্রিস্টাব্দ ৬৪০ সালে হিউয়েন সাং ভাল্লভীপুরে আসেন। তার বিবরণ থেকে ভাল্লভীর সমৃদ্ধি ও বিস্তৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়।’

তিনি লিখেছেন, ‘এ রাষ্ট্রের সীমানা ছিল ৬,০০০ লি: (যা প্রায় ১,২০০ মাইল)। রাজধানীর বিস্তৃতি ছিল প্রায় ছয় মাইল। ভূমির প্রকৃতি, জলবায়ু, পানি, মানুষের রীতিনীতি ও স্বভাব মালবো অঞ্চলের মতো ছিল।’

তিনি আরও উল্লেখ করেন, ‘জনসংখ্যা ছিল বিপুল। প্রায় সব পরিবারই ধনী ছিল। দশ লক্ষেরও বেশি সম্পদের মালিক শত শত পরিবার সেখানে বাস করত। দূর দেশ থেকে আসা দুর্লভ সামগ্রী সেখানে প্রচুর পরিমাণে পাওয়া যেত।’

‘গুজরাটের সাংস্কৃতিক ইতিহাস’ গ্রন্থে রজনীকুমার পান্ডিয়া লিখেছেন, ‘হিউয়েন সাঙের বিবরণ থেকে বোঝা যায় ভাল্লভী ছিল এক বিশাল বাণিজ্যকেন্দ্র। সেখানে প্রায় একশো পরিবার কোটিপতি ছিল। মৈত্রক আমলে ভাল্লভী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান কেন্দ্র ছিল।’

একই গ্রন্থে তিনি লেখেন, ‘চীনা ভ্রমণকারী ইৎসিংয়ের মতে, পূর্বে নালন্দা এবং পশ্চিমে ভাল্লভী ছিল ভারতের দু’টি প্রধান বৌদ্ধ বিশ্ববিদ্যালয়।’

প্রফেসর মাওলানা সৈয়দ আবু জাফর নাদভি উল্লেখ করেন, ‘হিউয়েন সাঙ তার সফরবৃত্তান্তে লিখেছেন যে শহরটির জনসংখ্যা ছিল বিপুল। সেখানে বহু অভিজাত পরিবার ছিল। অসংখ্য বিদ্যালয়, বিহার এবং মন্দির ছিল। ধারণা করা হয় শহরটির জনসংখ্যা কয়েক লক্ষ হতে পারে।’

তিনি আরও বলেন, চীনা ভ্রমণকারীর বর্ণনায় জানা যায় যে দূরবর্তী দেশগুলোর সম্পদ এখানে এনে সংরক্ষণ করা হতো। শহরে বহু ধনী পরিবারও বাস করত।