গোলাপগঞ্জে নাগরিক সমাবেশে মামুনুল হক বলেছেন গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ
গোলাপগঞ্জের নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক। নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বর্তমান সরকার গত জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও মেকানিজমের মাধ্যমে ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে এখন জুলাই সনদের গণভোটকে অবৈধ বলছেন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, ৭০ শতাংশ মানুষের হ্যাঁ ভোট অবৈধ হতে পারে না। একই মায়ের যমজ সন্তানের একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।’

Advertisement

রোববার (১১ অক্টোবর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘বিএনপি সরকার প্রশাসনকে দলীয়করণ করতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করা
হয়েছিল। মানুষ তখন পুলিশকে আওয়ামী লীগের আরেকটি সংগঠন হিসেবে বিবেচনা করত। একইভাবে বিএনপিও পুলিশকে পুলিশদল হিসেবে ব্যবহার
করতে চাচ্ছে।’ 

তিনি বলেন, আমরা এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চাই না। পুলিশ ও বিচারব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।

উপজেলা সভাপতি ক্বারী ছাঈদ আহমদের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তফাজ্জল হোসাইন মিয়াজি, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম এবং গোলাপগঞ্জ উপজেলা নেতা হাফিজ মাওলানা আব্দুর রব বক্তব্য রাখেন।