মা ইলিশ সংরক্ষণ অভিযান
মা ইলিশ সংরক্ষণ অভিযান। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক দু’জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Advertisement

রোববার (১১ অক্টোবর) ভোররাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

অভিযানে দু’টি নৌকা, প্রায় তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ দু’টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রুহুল আমিন বলেন, মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ঋণের কিস্তি আদায়ে কোনো ধরনের চাপ প্রয়োগ না করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোকে চিঠি দেয়া হয়েছে। এ বছর মতলব উত্তরে প্রায় ৯০৪ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেয়া হয়েছে। প্রকৃত জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চলছে। অভিযানে আটক ১০ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দু’জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি আটজনের মধ্যে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে নিষেধাজ্ঞার পুরো সময় অভিযান অব্যাহত থাকবে।