
৪১ বছর বয়সেও গোলের ধার কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বরং ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা। দ্রুত গতিতে ছুটছেন হাজার গোলের লক্ষ্যে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে মঙ্গলবার আল সাদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৭-এ নিয়ে গেছেন তিনি। হাজার গোলের অনন্য কীর্তি গড়তে এখন গোল প্রয়োজন আর মাত্র ১৩টি।
কাতারের ক্লাব আল সাদকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর দল আল নাসর। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় সৌদি আরবের ক্লাবটি। বক্সের মধ্যে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন রোনালদো।
এরপর স্পট কিক থেকে জোরালো শটে গোল করতে ভুল করেননি তিনি। তিন দিন আগে পেনাল্টি মিসের হতাশাও এদিন কাটিয়েছেন এই ফরোয়ার্ড। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকা হয়নি আল নাসরের।
২২ মিনিটে মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে বিরল ঘটনা, প্রতিপক্ষের দিকে থুতু ছুড়ে লাল কার্ড দেখেন ওয়াদ। ফলে ১০ জন নিয়ে খেলতে হয় আল সাদকে।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে আল নাসরকে আবার এগিয়ে দেন জুয়াও ফেলিক্স। রোনালদোর সাবেক জাতীয় দল সতীর্থের দুর্দান্ত ওভারহেড কিকেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় আল নাসরের।
এই গোলের ফলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮৭। ফুটবল ইতিহাসে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা এই মহাতারকার সামনে এখন বাকি মাত্র ১৩ গোল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









