
নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবলু প্রামাণিক জানান, প্রায় তিন বছর ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। এবার ওই পুকুরে শিং মাছ চাষ করেছিলেন। শুক্রবার রাতে পুকুর পাহারা দিয়ে রাত প্রায় ২টার দিকে বাড়িতে চলে যান তিনি। শনিবার ভোরে পুকুরে গিয়ে দেখেন, পুকুরের মাছগুলো অস্বাভাবিকভাবে ছোটাছুটি বা ছটফট করছে।
বাবলু প্রামাণিকের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে তার কয়েক বছরের পরিশ্রম ও বিনিয়োগ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে পুকুরের মাছের প্রকৃত অবস্থা যাচাই এবং ক্ষয়ক্ষতি নিরূপণ না করা পর্যন্ত সঠিক পরিমাণ জানা সম্ভব নয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা জামাত হোসেন বলেন, ‘বাবলু অত্যন্ত ভালো একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি মাছের ব্যবসা করে আসছেন। এমন ঘটনা শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে আমার ধারণা। এতে তার অনেক বড় ক্ষতি হয়ে গেল।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








