
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুমের নেতৃত্বে সন্ধ্যা নদীতে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে, সে জন্য প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








