আপিল বিভাগের আদেশ, হাইকোর্টের আদেশ স্থগিত, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি, এইচএসসি সম্পূরক পরীক্ষা, ভর্তি পরীক্ষার সময়সূচি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ, এইচএসসি পুনর্নিরীক্ষণ ফলাফল
হাইকোর্ট। সংগৃহীত
ads

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে এইচএসসির পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা রইল না।

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) এইচএসসির সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

ওই আদেশ স্থগিত চেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। আজ (সোমবার) শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সভা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। তবে বুধবার (১৮ নভেম্বর) সভা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সোমবার (৯ নভেম্বরের) সিদ্ধান্ত বাতিল করে সংস্থাটি।

এদিকে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ দুইটি বিষয়ে পাস করতে পারেননি, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। আর ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেকই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

তবে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়।