সাদিক কায়েম, সাদিক কায়েমের ফেসবুক পোস্ট, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, বাড়িতে অগ্নিসংযোগ, পরিবারের সদস্যদের হত্যাচেষ্টা
ডাকসু ভিপি সাদিক কায়েম। সংগৃহীত
ads

খাগড়াছড়িতে নিজের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন সাদিক কায়েম।

তার অভিযোগ, রোববার (২২ নভেম্বর) ভোররাতে পরিকল্পিতভাবে তার বাবা-মা, বোনসহ বাড়িতে অবস্থানরত পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে এ আগুন দেয়া হয়।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘[বাড়িতে আগুন দেওয়ার সময় লীগের সন্ত্রাসী কর্তৃক ধারণকৃত ভিডিও]
আজ ভোররাতে পরিকল্পিতভাবে আমার বাবা-মা, বোনসহ বাসায় অবস্থানরত পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে খাগড়াছড়িতে আমাদের বাড়িতে আগুন দেয় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির চারপাশে পেট্রোল ঢেলে আগুন দেয়ার পাশাপাশি বাড়ির মূল ফটকেও আগুন ধরিয়ে দেয়া হয়, যেন পরিবারের কেউ প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হতে না পারেন।’

তিনি আরো লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আজ আমার পরিবারের সদস্যরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আগুন দেওয়ার সাথে জড়িত প্রত্যেকেই স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী।’

ফেসবুক পোস্টে তিনি আরো লেখেন, ‘বর্বর আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নিতে তাদের পরিবারের সদস্যদেরও পুড়িয়ে মারতে দ্বিধা করে না। এমন সন্ত্রাসী ও প্রতিহিংসাপরায়ণ শক্তির কবল থেকে দেশের মানুষকে মুক্ত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, ইনশাআল্লাহ।’