
দেশের ব্যাংক খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ আরো বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে।
তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হারও বেড়ে হয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।
সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
গত জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এ সময়ে শ্রেণিকৃত ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। অর্থাৎ তিন মাসে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। নিট শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।
খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা।
মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার জুন শেষে ৩১ দশমিক ৪১ শতাংশ থাকলেও সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।
এর আগে, গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। এরপর জুন শেষে খেলাপি ঋণ আরো বেড়ে ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছায়। সেপ্টেম্বরেও ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
মন্দ ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা
শ্রেণিকৃত ঋণের বড় অংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা, যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ শ্রেণিকৃত ঋণের প্রায় পুরোটাই আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।
এছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
প্রভিশন ঘাটতি ২ লাখ ১৮ হাজার কোটি টাকা
খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে ব্যাংক খাতে।
সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
তবে আগের প্রান্তিকের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। গত জুন শেষে এই ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। তিন মাসে ঘাটতি কমেছে ৪ হাজার ১৯ কোটি টাকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









