ভাই, চাচাতো ভাই, হত্যা, গ্রেফতার, গোয়াইনঘাট থানা, হামলা, সংঘর্ষ
গ্রেফতার ঘাতক আমির হোসেন। নয়া দিগন্ত
ads

সিলেটের গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির একই গ্রামের মরহুম রফিক মিয়ার ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় আমিরের মা আম্বিয়া বেগমকে জাহাঙ্গীরের পক্ষের লোকজন হাতে কোপ দেয় বলে জানা গেছে।

রাগান্বিত হয়ে আমির চাকু দিয়ে জাহাঙ্গীরের বুকের বাম পাশে আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাতক আমিরকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।