ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউপির চেয়ারম্যান পদে মিন্টুর গণসংযোগ 
শশীদল ইউপির চেয়ারম্যান পদে গণসংযোগ  করেন আবু সুফিয়ান মিন্টু। নয়া দিগন্ত
ads

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আবু সুফিয়ান মিন্টু প্রচার-প্রচারণা, গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে ইতোমধ্যে এলাকার ভোটারদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে এ ইউপিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। 

রোববার (২২ নভেম্বর) সরেজমিনে উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

আবু সুফিয়ান মিন্টুর পারিবারিক পরিচিতি, বাবার জনপ্রতিনিধিত্বের ঐতিহ্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

বাবার জনপ্রতিনিধিত্বের ঐতিহ্য
শশীদল ইউনিয়নের মধ্যপাড়ার সন্তান আবু সুফিয়ান মিন্টু (বিএ) দীর্ঘদিন ধরে শশীদল বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। তার বাবা মরহুম ময়নাল হোসেন ছিলেন ৪ নম্বর শশীদল ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। বাবার জনপ্রতিনিধিত্বের ঐতিহ্য, স্থানীয় মানুষের সঙ্গে পারিবারিক সম্পর্ক এবং নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে ঘিরে আলোচনার অন্যতম বিষয়।

সাংগঠনিক দক্ষতা
শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি ব্যানার, পোস্টার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে এবং হাটবাজারসহ জনসমাগমস্থলে সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কথা শুনছেন।

নির্বাচনের অভিজ্ঞতা
আবু সুফিয়ান মিন্টু এর আগে দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে, ২০১৬ সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচনে অংশগ্রহণ এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তার প্রতি মানুষে আস্থা তৈরি হয়েছে।

ইউনিয়নজুড়ে সাংগঠনিক তৎপরতা ও প্রচারণা
স্থানীয় সূত্রে জানা যায়, শশীদল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আবু সুফিয়ান মিন্টু। ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চলছে। পাশাপাশি দোকানপাট, হাটবাজার ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

সরেজমিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, তার বাবার জনপ্রতিনিধিত্বের স্মৃতি, দীর্ঘদিনের পরিচিতি ও পূর্বের নির্বাচনী অভিজ্ঞতা স্থানীয়দের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আবু সুফিয়ান মিন্টুর ভূমিকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান মিন্টু বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শশীদল ইউনিয়নের মানুষের সাথে আছি। আমার বাবা এ ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করেছেন। তার সেই ঐতিহ্য ও মানুষের ভালোবাসাকে ধারণ করে আমিও ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবায় কাজ করতে চাই।’ 

আবু সুফিয়ান মিন্টু বলেন, ‘নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব। নাগরিক সেবা সহজ করা, এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেব। আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’

শশীদল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাজঘর এলাকার ভোটার মো: সাইদুর রহমান মুন্সি বলেন, ‘আবু সুফিয়ান মিন্টুর পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে সম্পৃক্ত। তার বাবা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রত্যাশা, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং ইউনিয়নের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।’

সাত নম্বর ওয়ার্ডের আশাবাড়ী গ্রামের বাসিন্দা ও শশীদল ইউনিয়ন যুবদল নেতা মো: সাদ্দাম হোসেন বলেন, ‘আবু সুফিয়ান মিন্টু দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। আশা করি, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে তরুণদের সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ভোটার বলেন, ‘আমরা এমন জনপ্রতিনিধি চাই, যাকে প্রয়োজনের সময় কাছে পাওয়া যাবে। রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সেবার উন্নয়নে যিনি আন্তরিক থাকবেন। ভোট দেয়ার ক্ষেত্রে এসব বিষয় আমাদের বিবেচনায় থাকবে।’