ককটেল, আঘাত,
সূত্রাপুরে ককটেলের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি আহত। নয়া দিগন্ত
ads

রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল হামলায় জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী আহত হয়েছেন। পেশায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি হিসেবে কর্মরত।

ঘটনার বিবরণ ও হাসপাতালে ভর্তি

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পথচারী জাহাঙ্গীর ইসলাম ককটেলের আঘাতে আহত হন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ব্যক্তির শারীরিক অবস্থা

আহত জাহাঙ্গীরের ভাই আল আমিন জানান, ককটেলের আঘাতে তার ভাইয়ের মাথা ও চোখে আঘাত লেগেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে জাহাঙ্গীর নামের ব্যক্তি গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’