সেলিম উদ্দিন
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে সেলিম উদ্দিন। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার জনগণের সরকার নয়। 

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের তুরাগ উত্তর থানার এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ধ্যা ৬টায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে এই দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। তুরাগ উত্তর থানা আমির মো: মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে সংগঠনের স্থানীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের ভূমিকা ও জননিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে। প্রশাসনের দায়সারা কর্মকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, তা জনগণের কাছে প্রমাণিত হয়েছে।’

দেশের সার্বভৌমত্ব ও আগামী দিনের লক্ষ্য তুলে ধরে তিনি আরো বলেন, ‘আমাদের আরো সজাগ হতে হবে। প্রিয় জন্মভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে, ইনশাআল্লাহ। আমরা একটি মানবিক ঢাকা গড়ে তুলতে চাই, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

জনগণের ভোট ও জুলাই সংস্কার নিয়ে আহ্বান

বর্তমান সরকারের সমালোচনা করে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে সরকার জনগণের সরকার নয়। এই সরকারের প্রথম ব্যর্থতা হলো জনগণের ৭০ শতাংশ ভোটের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। সরকার আজ জাতির সাথে গাদ্দারি করেছে, যার মাশুল তারা দেয়া শুরু করেছেন।’

সংসদের বিশেষ অধিবেশন ও সংবিধান সংস্কারের দাবি জানিয়ে তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, ‘সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কারের যে শপথ নেননি, সেই ভুলের মাশুল দিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন। সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করার ব্যবস্থা নিন।’

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নির্দেশনা

বক্তব্যের পাশাপাশি সমাবেশে মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেয়া এবং তারা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।