
বিএনপি যেভাবে ক্ষমতা আকড়ে ধরছে তাতে প্রতি পাঁচ বছরে একজন করে শেখ হাসিনা তৈরি হবে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বিএনপি চাইলেও আমরা তারেক রহমানকে শেখ হাসিনা হতে দেব না।’
শনিবার (১০ অক্টোবর) খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ নিউ ফিল্ডে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করে গণভোটের রায়কে বাস্তবায়নের কথা বলছি, কারণ তাতে ক্ষমতার ভারসাম্য হবে, আমরা পুতুল রাষ্ট্রপতি দেখতে চাই না, স্বাধীন বিচার বিভাগ চাই, রাষ্ট্রের চাকরিতে সকলের মেধার ভিত্তিতে সমান সুযোগ চাই, চামচামি করে পদোন্নতি, চাকরি পাওয়া, চাকরিতে টিকে থাকার সুযোগ বন্ধ করতে হবে। বিএনপি যেভাবে ক্ষমতা আকড়ে ধরছে তাতে প্রতি পাঁচ বছরে একজন করে শেখ হাসিনা তৈরি হবে। বিএনপি চাইলেও আমরা তারেক রহমানকে শেখ হাসিনা হতে দেব না। তারেক রহমান শেখ হাসিনা হয়ে উঠার আগেই আমরা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেব।‘
তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পর তড়িগড়ি করে তারা (বিএনপি) শপথ নিয়েছে, সরকার গঠন করেছে। আমরা তো বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি, বিএনপি সরকার গঠন করে জাতির সাথে গাদ্দারী করতে ছয় মিনিট সময়ও নেয়নি।’
তিনি বলেন, ‘সরকার গঠনের পরই তারা বলেছে- গণভোটের নির্বাচন অবৈধ, সেই থেকে জাতির সাথে তাদের গাদ্দারী শুরু এবং তা অব্যাহতভাবে চলছে। বিএনপি আমাদের দেশের তেল, গ্যাস, বিদ্যুৎসহ সব গুরুত্বপূর্ণ খাত বিদেশী সংস্থার হাতে তুলে দিয়ে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।’
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতা বলেন, ‘জুলাই আন্দোলনে ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছে, কয়েক হাজার মানুষ তাদের জীবন দিয়েছে। এখনো আহত ও নিহতদের বিচার চাইতে আমাদেরকে সরকারের কাছে ধর্না দিতে হচ্ছে। অথচ ওসমান হাদিরা রক্ত না দিলে ব্রিটেন থেকে বিমানের টিকিট কাটার সৌভাগ্যও হতো না।’
বাংলাদেশ খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মো: আব্দুল্লাহর সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মোহাম্মদ উল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ, কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি হাবিবুর রহমান।
নাগরিক সমাবেশ পরিচালনা করেন খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ সাদিক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








