মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
বগুড়ায় জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নয়া দিগন্ত

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারের পাশে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

শুক্রবার বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী বিভাগের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল হক ফকির।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু জুলাই গণঅভ্যুত্থানের সব যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান এবং আন্দোলনে তাদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি গোলাম রহমান, ‘আমরা জুলাই যোদ্ধা’র কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধানসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে প্রধান বক্তা ইশরাক হোসেন জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।