জামায়াতের রুকন সম্মেলন, জামায়াতের আমির নির্বাচন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুয়াযযম হোসাইন হেলাল, মাসুদ সাঈদী, জেলা আমির নির্বাচন, জামায়াতে ইসলামীর সম্মেলন
পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলনে মঞ্চে উপস্থিত অতিথিরা । নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার রোকন সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জেলা আমির নির্বাচনে গোপন ব্যালটে ভোট দিয়েছেন ৬৭২ জন নারী ও পুরুষ রুকন।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল পরিচালনা করেন। জেলার রুকনরা গোপন ব্যালটে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

এছাড়া সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘এ ভোট ছিল জেলা মজলিসে শূরায় প্রতিনিধি নির্বাচনের জন্য। জামায়াতে ইসলামী সুষ্ঠুভাবে এ নির্বাচন পরিচালনা করছে। আমরা ৮৫ বছর ধরে এভাবে নির্বাচন করে আসছি। এ নির্বাচনে কোনো প্রচার-প্রচারণা, দলাদলি বা গ্রুপিং নেই। এমন একটি গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন দল জামায়াতে ইসলামী।’

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, ‘পিরোজপুরের মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ পিরোজপুর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন করছেন তারা। জামায়াতে ইসলামীর উন্নয়নমূলক ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।’

তিনি আরো বলেন, ‘বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। বিরোধী দলে থেকেও ছায়া সরকার হিসেবে ভূমিকা রেখে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।’