
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি দখলদারদের ক্রমবর্ধমান সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বেনিয়ামিন নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) তারা এসব হামলাকে সরাসরি “ইহুদি সন্ত্রাসবাদ” হিসেবে অভিহিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানান।
পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে রাতের আঁধারে দখলদারদের অগ্নিসংযোগে ফিলিস্তিনিদের যানবাহন ও সম্পত্তি পুড়িয়ে দেওয়ার ঘটনার পর ইসরাইলি রাজনীতিতে এই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
‘শব্দের প্রতিটি অর্থে ইহুদি সন্ত্রাসবাদ’: গাদি আইজেনকোট
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইয়াশার পার্টির প্রধান ও মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট লিখেছেন, এই হামলাগুলো “শব্দের প্রতিটি অর্থে ইহুদি সন্ত্রাসবাদ।”
তিনি আরো বলেন, “পশ্চিম তীরে (জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার) বেন-গভির এবং (অর্থমন্ত্রী বেজালেল) স্মোট্রিচের নেতৃত্বাধীন কর্মকাণ্ড এলাকাটিকে অনিয়ন্ত্রিত নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।”
ইসরাইলি সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, “দাঙ্গাবাজদের থামাতে এবং তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রশাসনিক আটক এবং শিন বেতের (গোয়েন্দা সংস্থা) লক্ষ্যভিত্তিক অভিযানসহ তাদের হাতে থাকা প্রতিটি উপায় ব্যবহার করতে হবে।”
সরকারের বিরুদ্ধে ‘অপরাধমূলক অবহেলার’ অভিযোগ
বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদও “ইহুদি সন্ত্রাসবাদ” উসকে দেয়ার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন। এক্স-এ দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইহুদি সন্ত্রাসবাদ হলো ইসরাইলি সরকারের অপরাধমূলক অবহেলার ফসল।’
তিনি সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে ‘নীরবতার মাধ্যমে’ ইচ্ছাকৃতভাবে দখলদারদের সহিংসতাকে উৎসাহিত করার অভিযোগ আনেন।
লাপিদ বলেন, ‘আমরা যখন সরকার গঠন করব, তখন এই সন্ত্রাসবাদ মোকাবিলা করব এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা ফিরিয়ে আনব।’
উল্লেখ্য, নেতানিয়াহু ২০২২ সালের শেষ দিক থেকে একটি অতি-ডানপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বর্ণনা করা হয়।
অন্যদিকে, গত ৮ নভেম্বর ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ‘চেঞ্জ ব্লক’-এর নেতা আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন এবং এ জন্য তাকে ২৮ দিনের সময় বেঁধে দেন, যা প্রয়োজনে আরো ১৪ দিন বাড়ানো হতে পারে। তিনি ব্যর্থ হলে নেসেটের অন্য কোনো সদস্যকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেয়া হবে।
‘তৃতীয় ইন্তিফাদা’ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সতর্কবার্তা
ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তৃতীয় ইন্তিফাদার (গণঅভ্যুত্থান) আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে পশ্চিম তীর ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ রয়েছে।
প্রসঙ্গত, প্রথম দুটি ফিলিস্তিনি ইন্তিফাদা ১৯৮৭ এবং ২০০০ সালে সংঘটিত হয়েছিল।
গোলান এক্স-এ বলেন, ‘যে কেউ তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে চাইলে তাকে অবশ্যই বর্তমান সরকারকে সরাতে হবে, যারা ইহুদি সন্ত্রাসবাদকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে এবং নিরাপত্তাকে বিসর্জন দিচ্ছে।’
তিনি উল্লেখ করেন, ‘ইহুদি সন্ত্রাসবাদ নিরীহ ফিলিস্তিনি এবং ইসরাইলি সেনাদের ক্ষতি করছে এবং ইসরাইলকে নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে।’
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম তিবনও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ইসরাইল যদি পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ নির্মূল না করে, তবে এটি ইসরাইলকেই ধ্বংস করে দেবে।’
তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে আমরা যে নিষেধাজ্ঞাগুলো দেখেছি তা কেবল শুরু।’
তিনি সতর্ক করে বলেন, ‘এই প্রবণতা কঠোরভাবে নির্মূল করা না হলে’ ইসরাইলি ব্যাংকগুলোর ওপর ‘কঠোর নিষেধাজ্ঞা’ নেমে আসবে।
ইতিমধ্যে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগে বুধবার অস্ট্রেলিয়া একটি নির্মাণ কোম্পানিসহ তিনটি ইসরাইলি ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। যুক্তরাজ্য পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের সাথে জড়িত আটটি ইসরাইলি নির্মাণ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের একদিন পরই অস্ট্রেলিয়ার এই ঘোষণা আসে।
জাতিসঙ্ঘ ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে আসছে।
অগ্নিসংযোগের খতিয়ান ও হামলার পরিসংখ্যান
ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটস পার্টির নেসেট সদস্য ইয়ায়া ফিঙ্ক ‘ইহুদি সন্ত্রাসবাদ’ নিয়ে জরুরি অধিবেশন ডাকার জন্য পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফিঙ্ক বলেন, ‘কণ্ঠস্বরটি নেতানিয়াহু, বেন-গভির এবং স্মোট্রিচের, আর হাতগুলো ইহুদি সন্ত্রাসীদের।’
তিনি আরো যোগ করেন, ‘সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেসেটে আমাদের অবশ্যই নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের তলব করতে হবে এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাতে হবে।’
দৈনিক হারেৎজ-এর তথ্যমতে, শনিবার সন্ধ্যায় ইসরাইলি দখলদাররা পশ্চিম তীরের পাঁচটি স্থানে অগ্নিসংযোগ ও সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছে। ঘটনাগুলো মধ্য পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক এবং দেইর আবু মাশালে, দক্ষিণের আল-তুওয়ানিতে এবং উত্তরের দেইর বাল্লুতে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ দাবি করেছে যে তারা ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে, তবে কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে কি না তা স্পষ্ট করেনি।
বর্তমানে অধিকৃত পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর জুড়ে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি আউটপোস্টে (ক্ষুদ্র বসতি) প্রায় ৭ লাখ ৫০ হাজার দখলদার বাস করে। ফিলিস্তিনি উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ইসরাইলি সেনাবাহিনী এবং দখলদাররা ৩,১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১,৭৬৪টি সেনাবাহিনী এবং ১,৩৬৯টি দখলদাররা চালিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি সেনাবাহিনী ও দখলদারদের ক্রমবর্ধমান হামলার মধ্যেই এই সর্বশেষ আক্রমণগুলো ঘটল।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে, যাতে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরাইলি যুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক তিনি পরোয়ানাভুক্ত আসামি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









